কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মিজান নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, মিজান একজন ইয়াবা কারবারি। সোমবার (২০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের খুরুশকুল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেছেন, ৮ ফেব্রুয়ারি শহরে মাঝেরঘাট এলাকা থেকে ইয়াবা লুটের ঘটনায় জড়িত ছিল মিজান। ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল। ১৭ জুলাই বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয় মিজান। পরে তাকে কক্সবাজারে আনার পর স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে ইয়াবা উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মিজানের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে তখন পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশি বন্দুকসহ আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মিজানের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।