নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য অধিদফতরের যেসব খাত বেশি সমালোচিত সেগুলো ভালোভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনও অনিয়ম হয় কিনা তা খতিয়ে দেখা হবে।’
স্বাস্থ্য অধিদফরের নতুন মহাপরিচালক কবে যোগদান করবেন জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন, তাই তার পদত্যাগপত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।’
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার পর তার চুক্তি বাতিল করার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। ইতোমধ্যে ডেস্ক থেকে চুক্তি বাতিলের প্রস্তাব প্রস্তুত করে সচিবের দফতরে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদনের পর তার চুক্তি বাতিল করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দুই বছরে চুক্তিতে রয়েছেন। ইতোমধ্যে দেড় বছর দায়িত্ব পালন করছেন।



