থার্ড আই ডেস্ক::

ইরানের সবচেয়ে প্রবীণ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিযাদে হত্যার ঘটনায় সরাসরি ইসরাইলকে দায়ী করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এ ঘটনায় পশ্চিমা বিশ্ব চুপ থাকায় এর সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার রোমে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সভায় এ সমালোচনা করেন তিনি।

ইসরাইল ইরানে সন্ত্রাস করছে অভিযোগ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরানে সন্ত্রাস চালাচ্ছে ইসরাইল। পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনার পেছনেও তারাই রয়েছে। অথচ পৃথিবীর সব দেশ চুপ। ইসরাইলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো কখনও কোনো কথা বলে না।

পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ভূমিকার সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল বিনা বাধায় একের পর এক সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে স্থির করতে হবে ইসরাইলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তারা ইরানের পাশে থাকবে কিনা।

উল্লেখ্য, ইরানের উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফখরিযাদে শুক্রবার সন্ধ্যায় তেহরানে এক সন্ত্রাসী হামলায় নিহত হন। ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান মাথা বলে মনে করা হতো তাকে।

এম/এ