থার্ড আই ডেস্ক::
অনার্স ও মাস্টার্সের পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে দিয়েছে কর্তৃপক্ষ। আর এতে বিপাকে পড়ার আশঙ্কায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চলতি বছরের মার্চে করোনা পরিস্থিতির কারণে বন্ধ হওয়ার পর জুন মাস থেকে অনলাইনে ক্লাস শুরু করে ঢাবি। তবে অনলাইনে পরীক্ষা নেয়া হচ্ছিল না। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর থেকে অনার্স ও মাস্টার্সের পরীক্ষা নেয়া হবে। কিন্তু আবাসিক হল খোলা হবে না। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে থাকতে হবে।
প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা আপত্তি জানিয়েছেন। তারা বলছেন, পরীক্ষা নেয়ার আগে আবাসিক হল খুলে দিতে হবে। আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরীক্ষা নেয়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছে। তবে আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেয়া সমীচীন নয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পড়তে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়া থাকার কোনো নিরাপদ আবাসন নেই। অনেক শিক্ষার্থীর থাকার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হল। পরীক্ষার্থীদের নিরাপদ আবাসন ব্যবস্থার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দেওয়ার দাবি জানান তারা।
তবে এ মুহূর্তে হল খোলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, ‘ঢাকায় এসে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে থাকতে হবে। এই মুহূর্তে হল খোলার কোনো চিন্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। এর আগে কয়েকটি বিভাগ পরীক্ষা নিয়েছিল। সেখানে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ছিল, এবারও সে রকম নিজ দায়িত্বে থাকতে হবে’।
এমএ




