ছাতক প্রতিনিধি::

ছাতকের ধারণ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়েছে। গত ১৪ ডিসেম্বর সোমবার বিকেল ৩ টায় এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন।

ইসলামী ব্যাংক ছাতক শাখা প্রধান মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে ও ধারণ বাজার এজেন্ট আউটলেটের পরিচালক আমির হোসেন সোহাগের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ও ধারণ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সামসুল ইসলাম। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ধারণ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন সালেহী।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা বলিষ্ঠ পদক্ষেপ হলো এজেন্ট ব্যাংকিং। মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে চায় ইসলামী ব্যাংক। এসময় তিনি ধারণ বাজারে একটি এটিএম বুথ স্থাপনের আশ্বাস দেন।

এদিকে ধারণ বাজারে প্রথমবারের মতো ব্যাংকিং সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। টাকা জমা, উত্তোলন, ডিপোজিট, রেমিট্যান্স সহ প্রায় ধরণের ব্যাংকিং সেবা এই এজেন্ট আউটলেট থেকে গ্রাহকরা পাবেন বলে জানান পরিচালক আমির হোসেন সোহাগ।

এমএ