থার্ডআই ডেস্ক:

করোনার (কভিড-১৯) দুই ডোজ টিকা এ ভাইরাসে আক্রান্ত রোগীকে মৃত্যুর থেকে প্রায় ৯৮ শতাংশ সুরক্ষা দেয়। এক ডোজ সুরক্ষা মিলে প্রায় ৯২ শতাংশ।

পাঞ্জাব পুলিশের ওপর পরিচালিত এক গবেষণায় এমন ফলাফল মিলেছে বলে দাবি করেছে ভারত সরকার।

এনডিটিভি জানায়, চণ্ডীগড়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ পাঞ্জাব সরকারের সঙ্গে যৌথভাবে এ গবেষণা চালিয়েছে।

গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে সরকারি গবেষণা প্রতিষ্ঠান এনআইটিআই আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভি কে পল বলেন, করোনার টিকা নেননি এমন ৪ হাজার ৮৬৮ জন পুলিশ সদস্যের মধ্যে করোনায় মারা গেছেন ১৫ জন। অর্থাৎ টিকা গ্রহণ না করা পুলিশ সদস্যদের মধ্যে মৃতের হার প্রতি হাজারে ৩.০৮।

তিনি জানান, বিপরীতে ৩৫ হাজার ৮৫৬ জন এক ডোজ টিকা গ্রহণকারী পুলিশ সদস্যের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। অর্থাৎ টিকা নেওয়া পুলিশ সদস্যদের মধ্যে করোনায় মৃতের হার প্রতি হাজারে ০.২৫।

গবেষণায় প্রাপ্ত তথ্যে দেখা যায়, দুই ডোজ টিকা নেওয়া ৪২ হাজার ৭২০ জন পুলিশ সদস্যের মধ্যে করোনায় মারা গেছেন মাত্র দুজন। সে হিসাবে দুই ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে মৃতের হার প্রতি হাজারে ০.০৫।

ভি কে পল বলেন, যারা এক ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্যে করোনায় মৃত্যুর আশঙ্কা কমে গেছে ৯২ শতাংশ। আর দুই ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে সেই আশঙ্কা কমেছে ৯৮ শতাংশ।