থার্ডআই ডেস্ক:

খুলনা বিভাগে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৬১ রোগী।

শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার খুলনা বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ও যশোরে পাঁচজন করে, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তিনজন করে, মাগুরায় দুজন ও ঝিনাইদহে একজন মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৩ জন।