থার্ডআই ডেস্ক:
দুদিন আগেই চূড়ান্ত হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে ২৯ জুলাই ঢাকায় পা রাখার কথা অজিদের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ৩ আগস্ট থেকে।
তবে করোনার হানায় উইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজ দুদিন পিছিয়ে গেছে। যার প্রভাব পড়তে পারে অজিদের বাংলাদেশ সফরেও। সূত্রের খবর, কয়েক দিন পেছাতে পারে এই সিরিজটি।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এমন খবর এখনই নিশ্চিত করে বলতে চাননি। তবে সে রকম কিছু হলে বোর্ড প্রস্তুত বলেই জানালেন তিনি।
‘এখনো আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে সমস্যা হবে না। ’- বলেন নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী, কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই।
যদি দুই, তিন, চার দিন পিছিয়েও যায়, তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না। ’
উইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার কথা ছিল শনিবার। পরিবর্তিত সূচিতে যা মঙ্গলবার শেষ হবে।
বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হওয়ার কথা থাকলেও স্বাগতিক দলের একজন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ রিপোর্ট আসায় খেলা স্থগিত করা হয়। সেই ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার।




