থার্ডআই ডেস্ক:

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মিস করতে পারেন লিটন দাস। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মোস্তাফিজুর রহমানকে নিয়ে অবশ্য আশার কথা শুনিয়েছেন তিনি।
লিটন ও মোস্তাফিজ দুজনই জিম্বাবুয়ে সফরে চোটে পড়েন।

সংবাদমাধ্যমকে নান্নু বলেন, ‘৩ আগস্টের পর লিটনকে পাওয়া যাবে। সে হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি (৩ আগস্ট) মিস করবে। ’
মোস্তাফিজ প্রসঙ্গে বলেন, ‘এখন সে ভালো আছে। আসছে সিরিজে তার খেলা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তবে ওর চোটের ব্যাপারে এখনো আমরা তেমন কোনো পর্যবেক্ষণ পাইনি। ’

জিম্বুবয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাঁ ঊরুতে চোট পান লিটন। পরের দুই ম্যাচে তাই একাদশে ছিলেন না তিনি। অন্যদিকে মোস্তাফিজ ১৪ জুলাই প্রস্তুতি ম্যাচে গোড়ালির চোটে পড়েন। তাই একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির বেশি খেলা হয়নি তার।

অস্ট্রেলিয়া সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করেন তামিম। মাঝে ওয়ানডে সিরিজটা অবশ্য চোট নিয়েই খেলেছেন। চোট থেকে সেরে উঠতে প্রায় ৮ সপ্তাহ বিশ্রামের প্রয়োজন তার।

অন্যদিকে মুশফিক পারিবারিক কারণে একমাত্র টেস্টের পরই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসেন। তার বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অবশ্য অস্ট্রেলিয়া সিরিজে খেলতে আগ্রহী ছিলেন মুশফিক। কিন্তু এ জন্য তাকে নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইনে থেকে দলের সঙ্গে যোগ দিতে হতো। সেই সময় পেরিয়ে যাওয়ায় এই সিরিজে খেলা হচ্ছে না তার। জিম্বাবুয়ে থেকে ২৮ জুলাই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা বাংলাদেশ দলের। পরের দিন তারা দেশে পৌঁছাবে।