থার্ডআই ডেস্ক:

ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্তাস ছাড়ার গুঞ্জন এখন চরমে। বেশ কিছু সংবাদমাধ্যম পর্তুগিজ তারকার সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটির কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা রোনালদোকে নিয়ে শিরোনাম করেছে, পরবর্তী কয়েকদিনের মধ্যেই নির্ধারণ হবে রোনালদোর ভবিষ্যৎ। রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস বুধবার ব্যক্তিগত বিমানে তুরিনে পৌঁছেছেন।

রোনালদোর সঙ্গে মুখোমুখি বৈঠকও করেছেন তিনি। বৈঠক মূল বিষয় ম্যানচেস্টার সিটির দেওয়া দুই বছরের চুক্তি প্রস্তাব। যে চুক্তিতে প্রতি মৌসুমে রোনালদো ১৪ মিলিয়ন ইউরো পাবেন বলে মনে করা হচ্ছে।

সিটি নজর রাখছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের দিকেও। কিন্তু কেইন টটেনহামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই তারকাকে না পেয়ে হতাশ পেপ গার্দিওলা বিকল্প গোলস্কোরার খুঁজছেন।

সদ্য শেষ হওয়া মৌসুমে সিটির সঙ্গে চুক্তি শেষ হয় সার্জিও আগুয়েরোর। আর্জেন্টাইন তারকার সঙ্গে নতুন চুক্তিতে যায়নি ইংল্যান্ডের ক্লাবটি। আগুয়েরো পরে বার্সেলোনায় পাড়ি দেন। সিটিতে এখন স্বীকৃত স্ট্রাইকার শুধু গ্যাব্রিয়েল জেসুস।

এদিকে রোনালদোকে পাওয়ার ইচ্ছের কথা জানিয়েছে পিএসজিও। কিলিয়ান এমবাপ্পে যদি পিএসজি ছাড়েন, তবে এই ফরাসি তারকার বিকল্প হিসেবে রোনালদোর দিকে নজর প্যারিসের ক্লাবটির।

রোনালদোকে ছেড়ে দেওয়ার জন্য জুভেন্তাস ২৫ মিলিয়ন ইউরো ফি ধরে রেখেছে বলে মনে করা হচ্ছে। নতুন মৌসুমে নিজেদের প্রথম লিগ ম্যাচে রোনালদোকে একাদশে রাখেনি ওল্ড লেডিরা। বুধবার বাহুতে চোট পেয়ে ক্লাবটির অনুশীলনে ছিলেন না সিআর সেভেন।