থার্ডআই ডেস্ক:
পটুয়াখালীর মহিপুরে আনিস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে চার মণ ওজনের একটি ব্ল্যাক মার্লিন মাছ। শুক্রবার রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে।
এরপর শনিবার আড়াইটায় মাছটি মৎস্য বন্দর মহিপুরের টু-স্টার ফিশ মাছের গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
আনিস মাঝি বলেন, এ জাতীয় মাছ তাদের জালে আর কখনো ধরা পড়েনি। এ মাছটির স্থানীয় নাম তাদের জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হয়েছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ জানান, ব্ল্যাক মার্লিন মাছ বাংলাদেশের সাগর কিংবা নদীতে তেমন বিচরণ করে না। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরেও এ মাছ বিচরণ করে করে। তবে সংখ্যায় কম।
তিনি বলেন, স্থানীয় বাজারে এ মাছের চাহিদা নাই। বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই জেলের জালে ১৫টি সেইল ফিশ ধরা পড়ে যা স্থানীয় জেলেদের কাছে পাখি মাছ নামে পরিচিত।




