থার্ডআই ডেস্ক:
আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) অবস্থা সম্পর্কে সোমবার এ কথা বলা হয়েছে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া তাড়াশ ৩০, কক্সবাজারে ১৭, মাইজদীকোর্ট ১৬, শ্রীমঙ্গলে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।




