থার্ডআই ডেস্ক:
কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে মাটি চাপা দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনা শুনে খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, খাবারের সন্ধানে ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি।
সেখানে স্থানীয়রা বৈদ্যুতিক শকের ফাঁদ পেতে হাতিটিকে হত্যা করে। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে মাটি চাপা দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, নজির আহমেদ নামে একজনকে প্রাথমিকভাবে আটক করেছি। বন বিভাগের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




