থার্ডআই ডেস্ক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তারা মারা যান।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন। এর আগের দিনও রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁয় একজন ও পাবনার একজন রয়েছেন। মৃত ২ জন পুরুষ ও ৩ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২০ বছরের নিচে রয়েছে একজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। শনিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪২ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬৮ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪৩ জন এবং করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন।

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৮৬টি। বৃহস্পতিবার রাজশাহীর দুটি ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ২৭ ভাগ।