থার্ডআই ডেস্ক:

ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাচঁতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন ধানমন্ডি এলাকার সাধারণ মানুষ। সেইসঙ্গে দক্ষিণ সিটি মেয়রের একটি প্রতীকী কুশপুত্তলিকাও দাহ করেন বিক্ষুব্ধ নগরবাসী।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা প্রতিদিনই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ হু-হু করে বাড়ছে উল্লেখ করে দক্ষিণ সিটি মেয়র ফজলে নুর তাপসের কড়া সমালোচনা করেন। তারা বলেন, প্রতিদিন গড়ে ৫শ জন মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর বর্তমান নগর পিতা বিদেশে গিয়ে রিল্যাক্সড করছেন।

ভোট দিয়ে কালসাপ নির্বাচিত করেছেন অভিযোগ করে বক্তারা বলেন, অতিষ্ঠ নগরবাসী একদিকে মৃত্যৃ ঝুঁকিতে আছে আর মেয়র আছেন বিদেশে ফূর্তিতে। সিটি মেয়র তাপসের ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করারও আহ্বান জানানো হয় ধানমন্ডিতে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে।

এ সময় পুরান ঢাকার নাগরিক উদ্যোগের সভাপতি মোহাম্মদ নাজিম, বিডি টুরিস্ট সাইক্লিংয়ের সমন্বয়ক আশিক উদ্দীন সৈনিক, মানব অধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন, বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের কো-সমন্বয়ক রানা রহমান বক্তব্য রাখেন।