থার্ডআই ডেস্ক:
রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় আগেও অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আরও একবার তাকে দেখা যাবে কবিগুরুর ভূমিকায়।
কলকাতার সংবাদমাধ্যম জানায়, সায়ন্তন ঘোষালের ‘আজি হতে শতবর্ষ পরে’ শিরোনামের ছবিতে রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। কবির বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে অভিনেতাকে।
এর আগে সুমন ঘোষের ছবি ‘কাদম্বরী’তে রবীন্দ্রনাথ রূপে দেখা গিয়েছিল পরমব্রতকে।
একটি খুনের রহস্যকে ঘিরে এগোবে ‘আজি হতে শতবর্ষ পরে’র কাহিনি, যার সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের জীবনের একটি অধ্যায়। কবির লন্ডনে কাটানো সময়কাল ও ঘটনা ধরা হবে ছবিতে। তার সঙ্গেই সম্পর্কিত এ সময়ের একটি রহস্যকাহিনি।
অতীত ও বর্তমান দুটি রেখায় এগোবে গল্প। বর্তমানের কাহিনির মুখ্য চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এক সাংবাদিকের চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। ছবিতে রয়েছেন ঋদ্ধি সেন, কৌশিক সেন প্রমুখ অভিনেতাও। দুর্গাপূজার পর শুরু হবে ‘আজি হতে শতবর্ষ পরে’র কাজ। লন্ডন ও কলকাতার বিভিন্ন জায়গায় চলবে শুটিং। আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে এই ছবির।




