থার্ডআই ডেস্ক:
পর্যটকদের জন্য দেশে অন-অ্যারাইলভাল ভিসা চালুসহ ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সোমবার বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘২০২২ সালের ডিসেম্বরের মধ্যে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে।
তিনি আরও বলেন, করোনা মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিল্পগুলোর একটি পর্যটন শিল্প। বাংলাদেশও বৈশ্বিক এই পরিস্থিতির বাইরে নয়। এই মহামারির কারণে দীর্ঘদিন আমাদের পর্যটন স্পট ও এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখতে হয়েছিল।
তিনি বলেন, বর্তমানে দেশে কোভিড-১৯ এর সংক্রমণ কমে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে পর্যটন স্পট গুলো খুলে দেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ পর্যটকেরা আগ্রহের সঙ্গে বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ করার কারণে আস্তে আস্তে দেশের পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসা প্রতিষ্ঠানসমূহ ঘুরে দাঁড়াচ্ছে, গতি ফিরছে দেশের পর্যটন শিল্পে। তাই এ বছরের বিশ্ব পর্যটন দিবস উদযাপনের মাধ্যমে পর্যটনকে দেশি-বিদেশি পর্যটকের সামনে তুলে ধরা ও তাদের এ সম্পর্কে জানানোর একটি বিশেষ সুযোগ।




