থার্ডআই ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ৩ অক্টোবর ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর আগে ওমানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগেই যাচ্ছে টাইগাররা। সেখানে চার দিনের অনুশীলন পর্ব শেষে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদরা।

মঙ্গলবার এক বিবৃতিতে ওমান ও দুবাইয়ের বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। এই্ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে ওমানে।

বিসিবি জানিয়েছে, ৩ অক্টোবর ওমান গিয়ে এক দিনের রুম কোয়ারেন্টাইন করবে দল। এরপর ৫-৮ অক্টোবর ওমানে হবে অনুশীলন পর্ব। ৯ অক্টোবর প্রস্তুতি ম্যাচ খেলতে ওমান থেকে আরব আমিরাত পাড়ি দেবে বাংলাদেশ দল। একদিন কোয়ারেন্টাইন করে ১১ অক্টোবর অনুশীলন করবে টাইগাররা।
১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের।

ম্যাচ দুটি হবে নবনির্মিত আবু ধাবি ক্রিকেট ওভাল ১ ও ২ নম্বর মাঠে। ১৫ অক্টোবর ওমানে ফিরে পর দিন বিকেলে অনুশীলন সারবে টাইগাররা। এরপর শুরু হয়ে যাবে বিশ্বকাপ। ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব বা বাছাইপর্বে অংশ নিচ্ছে ৮টি দল। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সুপার টুয়েলভ পর্বে খেলবে। যে পর্বে সরাসরি অংশ নেবে র‌্যাঙ্কিংয়ের সেরা ৮টি দল। সব ঠিক থাকলে বাছাই পর্ব শেষ করে ২২ অক্টোবর ওমান থেকে আরব আমিরাত যাবে বাংলাদেশ। আরব আমিরাতে গিয়ে এক দিনের কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের।