থার্ডআই ডেস্ক:

দেশে আগামীকাল শুক্রবার থেকে নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ১ অক্টোবর থেকে অবৈধ মুঠোফোন শনাক্ত ও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্নের কার্যক্রম চূড়ান্তভাবে শুরু হচ্ছে। সংস্থাটি গ্রাহককে মুঠোফোন কেনার সময় যাচাই করে দেখার অনুরোধ জানিয়েছে। তিন মাস ধরে এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চললেও অবৈধ শনাক্ত মুঠোফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) কার্যক্রমের আওতায় মুঠোফোন কেনার আগে ফোনের মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরূপ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠিয়ে বৈধতা যাচাই করতে হবে। বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা, কেনা অথবা উপহার পাওয়া অনুমোদিত সংখ্যক মুঠোফোন ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে।