থার্ডআই ডেস্ক:
আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বলা হচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুমিল্লায় ২৫, টেকনাফে ৫ ও চট্টগ্রামে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাসহ সারা দেশে কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
ঢাকায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সকাল থেকে ঢাকায় উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং বুধবার সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে।




