থার্ডআই ডেস্ক

হলো না! আশা জাগিয়েও স্বপ্ন পূরণ করতে পারল না বাংলাদেশ। নেপালের বিপক্ষে ড্রয়ে আরো একটা সাফ চ্যাম্পিয়নশিপ দুঃখ গাঁথাই হয়ে রইল জামাল ভূঁইয়াদের। অন্যদিকে হিমালয়ের দেশ নেপাল গড়ল ইতিহাস। প্রথমবারের মতো সাফের ফাইনালে জায়গা করে নিল দলটি।

বুধবার বাংলাদেশের বিপক্ষে ১-১ ড্রয়ে সাফের ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। যদিও ম্যাচের ৯ মিনিটেই সুমন রেজার গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই লিড ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর লাল কার্ড-ই যেন এলোমেলো করে দিল সব।

পয়েন্টের জন্য মরিয়ে নেপালকে শেষ দিকে পেনাল্টি থেকে গোল এনে দেন অঞ্জন বিস্তা। সুবাদে টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে নেপাল। শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের প্রতিপক্ষ হবে স্বাগতিক মালদ্বীপ অথবা ভারত। ফাইনাল নিশ্চিত করতে এদিন দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ফাইনাল খেলতে হলে ভারতকে জিততেই হবে।

অন্যদিকে মালদ্বীপের ড্র করলেই চলবে।
পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে পা দিল নেপাল। ৩ ম্যাচে মালদ্বীপের পয়েন্ট ৬, ভারতের ৫।
বাংলাদেশ ৪ ম্যাচে ১টি করে জয় ও ড্র এবং ২ হারে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করল। ১ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে পঞ্চম হয়েছে শ্রীলঙ্কা।