শাবি প্রতিনিধি
দেশের কয়েকটি জেলায় মন্দির-মণ্ডপসহ হিন্দুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ।
সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোহসিন আজিজ খান বলেন, কোন ধর্মই সহিংসতা, সাম্প্রদায়িকতা সমর্থন করে না। একটি স্বার্থন্বেষী মহল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশ্যে সুপরিকল্পিত ভাবে মন্দির-মন্ডপসহ হিন্দুদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। সাম্প্রদায়িকতা রুখতে এই মুহূর্তে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
তিনি আরো বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে দল মত নির্বিশেষে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন-ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার বণিক, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বলসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।




