থার্ডআই ডেস্ক:

টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে দাখিল করা নথিতে ফাইজার দাবি করেছে, ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকা পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটির এমন দাবির বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওষুধ কোম্পানিটি বলছে, তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগে প্লাসিবো (সান্ত্বনা ওষুধ) পাওয়া ১৬ জন শিশু কোভিড-১৯ আক্রান্ত হয়, যেখানে টিকা পাওয়াদের মধ্যে মাত্র তিনজন আক্রান্ত হয়। দুই হাজার ২৬৮ অংশগ্রহণকারীকে নিয়ে পরিচালিত এই পরীক্ষায় যত সংখ্যক শিশুকে প্লাসিবো দেওয়া হয়েছিল, তার দ্বিগুণের বেশি শিশুকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছিল। সে হিসেবে এটার কার্যকারিতা ৯০ শতাংশের বেশি হয়।

৫ থেকে ১১ বছর বয়সীদের নিয়ে ফাইজারের এই পরীক্ষায় ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতা পরিমাপ করা উদ্দেশ্য ছিল না। বরং মূল্য উদ্দেশ্য ছিল শিশু ও বয়স্কদের শরীরে টিকার প্রভাবে অকার্যকর হওয়া অ্যান্টিবডির পরিমাণের তুলনা করা। ওই ফলাফলের ভিত্তিতে গত মাসে ফাইজার ও বায়োএনটেক বলেছিল, তাদের কোভিড-১৯ টিকার ফলে শিশুদের মধ্যে ব্যাপক প্রতিরোধক্ষমতা তৈরি হয়।

৫ থেকে ১১ বছর বয়সীদের ১০ মাইক্রোগ্রামের দুই ডোজ টিকা দেওয়া হয়, যেখানে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের এক-তৃতীয়াংশ ডোজ দেওয়া হয়েছিল। এই শ্রেণির শিশুদের জন্য ওই টিকা ব্যবহারে ওষুধ প্রশাসনকে সুপারিশ করা করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার এফডিএর বহিরাগত উপদেষ্টাদের বৈঠকে বসার কথা রয়েছে।