থার্ডআই ডেস্ক:
যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না এবং রোহিঙ্গাদের ফেরত পাঠালে যাদের স্বার্থে আঘাত লাগবে তারাই রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী
যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না এবং রোহিঙ্গাদের ফেরত পাঠালে যাদের স্বার্থে আঘাত লাগবে তারাই রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “অনেক লোক মায়ানমারে ফেরত যেতে চায় না, তাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়তো এসব অঘটন ঘটাচ্ছে। আমি ঠিক জানি না, জানতে হবে।”
শুক্রবার (২২ অক্টোবর) সকালে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একটি সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “অনেকেই বলছেন যে, ওখানে (রোহিঙ্গা ক্যাম্প) ড্রাগের ব্যবসা হয়। কিছু বন্দুকটন্দুকও আনা হয়। আমরা এসব নিয়ে আলোচনা করেছি। আমার প্রস্তাব হলো, এই ড্রাগ ও অস্ত্র পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছুঁড়তে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও এতে রাজি হয়েছেন।”
মন্ত্রী বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা হয়েছে। ওই সভায় রোহিঙ্গা ক্যাম্প ও রোহিঙ্গা ক্যাম্পের বাইরের আইনশৃঙ্খলা যাতে আরও উন্নত করা যায়, সে নিয়ে আলোচনা হয়েছে। এরপর দুর্ঘটনা, এটা তো খুবই আতঙ্কের বিষয়।”
প্রসঙ্গত, শুক্রবার ভোর ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ-৫২ ব্লকে অবস্থিত “দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ” নামের একটি মাদ্রাসায় দুর্বৃত্তদের হামলায় সাতজন নিহত হয়েছেন।
এ ঘটনায় একজনকে একটি দেশীয় লোডেড ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও একটি ছুরিসহ হাতেনাতে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং-১ (ইস্ট) লম্বাশিয়া ক্যাম্পের ডি-৮ ব্লকে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।




