থার্ডআই ডেস্ক:
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৮৭ জন। আর একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৯ জন । এদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
মোট আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫৭১ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৪০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৬৮০ জন, আর বাকি ১৬০ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ২২ হাজার ৫৭১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২১ হাজার ৪৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শূন্য থেকে ১ বছরের মধ্যে ১ দশমিক ৭ শতাংশ, ১ থেকে ১০ বছরের মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২১ দশমিক ৫ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩৩ দশমিক ৬ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ দশমিক ১ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ দশমিক ৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ দশমিক ৭ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২ দশমিক ৭ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।




