থার্ডআই ডেস্ক:

বিভিন্ন গণমাধ্যমে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়।

তারা জানায়, ‘ভাত কম খান’ বা ‘ভাত কম খাওয়ার পরামর্শ’ এ রকম কিছুই বলেননি কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। কৃষি মন্ত্রণালয়ের দাবি যে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটা অসত্য।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ও আংশিকভাবে উপস্থাপন করে সম্প্রতি এ রকম শিরোনামে দুয়েকটি গণমাধ্যম ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচারিত হয়েছে।

গত রবিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) ও বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের ৫০ বছর: কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক কৃষি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রদত্ত মন্ত্রীর বক্তব্যের অডিও ও ভিডিও কৃষি মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। ঐ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন, বক্তব্যের রেকর্ড তাদের কাছেও আছে। সেই বক্তব্যের কোথাও এরকম কথা মন্ত্রী বলেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃষিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচারিত হয়েছে।