থার্ডআই ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতের আগমনে দেশে আবারও করোনাভাইরাস যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক ব্যবহারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক অনুষ্ঠানে শীত মৌসুমের আগে তার ত্রাণ গুদামের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)র দুঃস্থদের জন্য ২৬ লাখ ৪৫ হাজার কম্বল গ্রহণ কালে দেয়া ভাষণে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেখা যাচ্ছে যখনই আবার শীতকাল আসছে পৃথিবীর সব দেশেই কিন্তু আবার করোনাভাইরাস দেখা দিচ্ছে। ইউএসএ, ইংল্যান্ড বা ইউরোপের দেশগুলোতে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।
কাজেই বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। ’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শীতকাল আসলেই একটু ঠান্ডা লাগে, সর্দি, কাশি হয়। আর এটা হলেই এই করোনাভাইরাসটা আমাদের সাইনাসে গিয়ে বাসা বানাতে পারে। কাজেই, সেইদিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। সবাইকে মাস্ক পড়তে হবে এবং খাদ্যতালিকায় ‘ভিটামিন সি’ যাতে একটু বেশি থাকে এবং যাতে ঠান্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে। তিনি এ সময় মৌসুমি ফলমূল, শাকসবজি এবং তরিতরকারি বেশি করে খাবার পরামর্শ দেন।




