থার্ডআই ডেস্ক:
রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-
এপিবিএনের একটি টিম।
শনিবার বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক সন্ধ্যায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গোপন তথ্য পেয়ে এপিবিএনের একটি টিম বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় পুলিশ ১ নম্বর ক্যাম্প ওয়েস্ট, ব্লক ‘ডি’ এলাকা থেকে এই দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম (৩৪) প্রকাশ আবু। তিনি ১ নম্বর ক্যাম্প ‘ওয়েস্ট ডি’ ব্লকের ছাব্বির আহম্মেদের ছেলে। অপরজন একই ব্লকের সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে মো. নজিম উদ্দিন (৩৫)।
এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যা মামলায় মোট ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আজিজুল হক এবং ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিজ অফিসে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুহিব্বুল্লাহ।
পরদিন রাতে মুহিব্বুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




