থার্ডআই ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষে গ্লাসগো থেকে লন্ডন পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানিয়েছেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়) বুধবার বেলা ১টা ৫২ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ’

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রেস সচিব আরও জানান, ‘এর আগে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৫) লন্ডনের উদ্দেশে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের লক্ষে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরের উদ্দেশে গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান।