থার্ডআই ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আরো একবার ব্যর্থ বাংলাদেশ। ব্যর্থ অধিনায়ক মাহমুদউল্লাহও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করার পর মাহমুদউল্লাহকে তাই মুখোমুখি হতে হলো কঠিন সব প্রশ্নের। নেতৃত্ব ছাড়া, এমনকি টি-টোয়েন্টি থেকে অবসর ভাবনা নিয়েও প্রশ্ন করা হলো পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে। মাহমুদউল্লাহ আবেগ সামনে নিজের ভাবনর কথা বললেন অকপটে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে হেরে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। দুই ইনিংস মিলে ৪০ ওভারের ম্যাচটা ২১.২ ওভারেই শেষ করে দেয় অজিরা। প্রথমে ব্যাট করে ১৫ ওভারেই ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৬.২ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
সুপার টুয়েলভ পর্বে নিজেদের পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার বাংলাদেশের। প্রথম পর্ব মিলে ৮ ম্যাচে ২ জয়, ৬ হার। প্রথম পর্বে জয় দুটিও ওমান ও পাপুয়া নিউগিনির মতো দলের বিপক্ষে।
আসর থেকে আসলে মনে রাখার মতো কিছুই অর্জন করতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। ৮ ইনিংসে ২৮.১৬ গড়ে করেছেন ১৬৯ রান, স্ট্রাইক রেট ১২০.৭১।
এমন ব্যর্থতার কারণ নিয়ে যখন প্রশ্ন করা হলো, তখন মাহমুদউল্লাহ বললেন, তার নিজের কাছেও অনেক কিছুর উত্তর অজানা। সংবাদ সম্মেলনে তাকে প্রথম প্রশ্নটাই করা হয় টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন কি-না এ প্রসঙ্গে। মাহমুদউল্লাহ বিষয়টি বোর্ডের ওপর ছেড়ে দিলেন, ‘এটা আসলে নির্ভর করে। এটা তো আমার হাতে নাই। এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডেরই । ’
মাহমুদউল্লাহ আরো বলেন, ‘আমার তরফ থেকে আমি সব সময়ই চেষ্টা করেছি দলকে আগলে রাখার জন্য। ভালো পারফরম্যান্স আদায় করার জন্য। সম্ভবত আমার নেতৃত্বে কোনো ঘাটতি ছিল, এ জন্য হয়তো বা পারফরম্যান্স আদায় করে নিতে পারিনি। যোগ করেন, ‘আপনার যে প্রশ্ন, আমি এর উত্তর ছেড়ে দিচ্ছি ক্রিকেট বোর্ডের কাছে। এখানে আমার মন্তব্য করার কিছু নেই। ’
এরপর টি-টোয়েন্টিতে অবসর নেবেন কি-না এই প্রশ্নও করা হলো। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৫০ রানের ইনিংসের পর সতীর্থদের টেস্ট থেকে অবসরের কথা জানান মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ও দলের ব্যর্থতার পর কি এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন মাহমুদউল্লাহ? ছোট্ট উত্তরে এই ৩৫ বছর বয়সী বলেন, ‘এই মুহূর্তে আমি এমন কোনো চিন্তা করছি না। ’




