থার্ডআই ডেস্ক:

দেশে চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যেই দাম বেড়েই চলেছে। ব্যবসায়ীরা বলছেন, ‘আপাতত’ এসব পণ্যের দাম কমে আসার সম্ভাবনা কম।

বিবিসি বাংলা বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, এক বছর আগে জাতিসংঘের বিশ্ব ও খাদ্য সংস্থা বাজার পরিস্থিতি এমন হতে পারে বলে অনুমান করেছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই।

তারপরেও চাল ছাড়া সব পণ্যের দাম বেড়েছে বা বাড়ছে। সরকার কখনো কখনো কোন পণ্যের শুল্ক কমিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।

ট্যারিফ কমিশনের সম্প্রতি অবসরে যাওয়া সদস্য আবিদ খান বলছেন, বাজারে অনেক বেশি প্রতিযোগিতা থাকলে হয়তো দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা সরকারের জন্য সহজ হতো।
তিনি বলেন, তবে কোভিড পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়াসহ নানা যৌক্তিক কারণেই অনেক পণ্যের দাম বেড়েছে কিন্তু ধরুন স্টকে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরেও পেঁয়াজের দাম বাড়বে কেন। এ জন্যই প্রতিযোগিতার দরকার।

পাইকারি বাজারে মোটা চাল ৪৪-৪৫ টাকা আর সরু চাল ৫৫-৫৬ টাকা। কেজি প্রতি প্রায় ১২০ টাকা দাম মসুরের ডালের। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল এখন বিক্রি হচ্ছে ৭৩০ টাকায় যা দু মাস আগেও ছিলো সাড়ে পাঁচশ টাকার মতো।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ১৯শে অক্টোবর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সাত টাকা বাড়িয়ে ১৬০ টাকা ঘোষণা করে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আটার দাম এক মাসেই বেড়েছে কেজি প্রতি সাত টাকা, আবার চিনির দাম বেড়ে ঘোরাফেরা করছে ৭৫-৮১ টাকার মধ্যে। পেঁয়াজের দাম গত দু মাসে ৪৫-৭০ টাকার মধ্যে ওঠানামা করছে।

এ সব পণ্যের পাশাপাশি ডিম, মুরগি ও গরুর মাংসের দামের পাশাপাশি বেড়েছে নানা ধরনের সবজি ও মাছের দামও। পণ্যের দাম বাড়লে জনসাধারণের কাছে কম মূল্যে পণ্য বিক্রি করে সরকারি সংস্থা টিসিবি। তবে টিসিবি নিজেই সয়াবিন তেল ও মসুর ডালের দাম বাড়িয়েছে কেজি প্রতি যথাক্রমে দশ ও পাঁচ টাকা। এর আগে গত মার্চেও সয়াবিন তেলের দাম দশ টাকা ও চিনির দাম পাঁচ টাকা বাড়িয়েছিল সংস্থাটি।