নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়ার তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।
এটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,১৬৫ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,০৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,০৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।




