বগুড়া প্রতিনিধি

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই শামীম আহমেদ এ তথ্য দিয়েছেন। স্বজনরা জানান, এ ব্যাপারে তারা আইনের আশ্রয় নেবেন।

পুলিশ ও স্বজনরা জানান, নজরুল ইসলাম বগুড়া সদরের ছিলিমপুর উত্তরপাড়ার মৃত মমতাজ মহুরীর ছেলে। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক (পিয়ন) পদে কর্মরত ছিলেন।
সোমবার সকালে তিনি বাড়ি থেকে এক সহকর্মীকে মোটরসাইকেলে নিয়ে কুন্দগ্রামের অফিসে যাচ্ছিলেন।

বেলা পৌনে ১১টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া এলাকায় কাফেলা কোল্ডস্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত থেকে বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে নজরুল ইসলাম মাথায় আঘাত পেলেও তার সহকর্মী অক্ষত থাকেন। পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাহমুদুল হাসান শিপন জানান, বেপরোয়া বাসের ধাক্কায় তার বাবা নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে নিয়ে যাবেন। এ ব্যাপারে তিনি চালক ও অন্যদের বিরুদ্ধে থানায় মামলা করবেন। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই শামীম আহমেদ জানান, নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।