নিজস্ব প্রতিবেদক
দুই শিশু কন্যা নাকানো জেসমিন মালিকা (১১) এবং নাকানো লায়লা লিনাকে (৯) তাদের জাপানি মায়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে আনা হয়। তাদের আগামী ২ দিনের জন্য মা জাপানি নাগরিক এরিকো নাকানোর হেফাজতে হস্তান্তর করতে শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফকে বলা হয়েছে।
রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরিকো নাকানোকে আগামী ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার মধ্যে শিশুদের আদালতে হাজির করতে বলেছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসানের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এরিকোর দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এই আদেশ দেন।
শীর্ষ আদালত আবেদনের শুনানি পুনরায় শুরু করতে আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের সঙ্গে এরিকোর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এবং আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ইমরানের পক্ষে আদালতে যুক্তি দেখান।




