নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে মঙ্গলবার তা উপস্থাপন করা হবে। রিট আবেদনে আইনসচিব, মন্ত্রী পরিষদসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব ও স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়েছে।
ফৌজদারী কার্যবিধির ৪০১(১), সংবিধানের ১১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদ ও জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৩, ৫, ১১ ও ১৩(২) অনুচ্ছেদের অধীনে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার অনুমতি দিতে বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী আদেশে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, মানবিক ও মৌলিক অধিকার প্রশ্নে ‘ডকট্রিন অব নেসিসিটি’ ও জাতিসংঘের ‘হিউম্যান চার্টার্ড’ এর অধীনে সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী দণ্ডিত খালেদা জিয়ার সাজা স্থগিত করতে পারে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী গুরুতর অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে সরকার শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার সাজা স্থগিত করে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পদক্ষেপ নিতে পারে।




