নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৫৬ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করে ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক শূন্য এক শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনের করোনা শনাক্ত হলো। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হার ছিল ২ দশমিক শূন্য ১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জন পুরুষ এবং তিনি রংপুর বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে কেউ মারা যাননি।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।