মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মেঘলা আকাশ, কুয়াশা ও কনকনে শীত বয়ে চলেছে উপকূলীয় অঞ্চল মোংলায়। রবিবার সকাল থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ফলে সূর্যেরও দেখা নেই। শীতে জবুথবু হয়ে পড়েছে এখানকার জনজীবন। কুয়াশায় মোংলার মহাসড়কে যানবাহন ও বন্দরের পশুর চ্যানেলে নৌযান চলাচল ও পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছে।
সড়ক পথে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান চলাচল।
এদিকে হঠাৎ জেঁকে বসা প্রচণ্ড শীতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুরেরা। ফেরিঘাট ও মামার ঘাটের দিনমজুর শ্রমিক ইউনুস আলী খাঁন, জাহাঙ্গীর মোল্লা, দেলোয়ার হোসেন ও সামছুল হক বলেন, ‘সকাল থেকে আকাশ মেঘলা, কুয়াশা ও বাতাসে খুব শীত। আমরা কোনো কাজ করতে পারছি না। শীতে আমাদের অবস্থা খুব খারাপ। ’
কুয়াশার নদীতে নৌযান চলাচলে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কায় পর্যটনবাহী লঞ্চ, জালিবোট ও ট্রলারগুলো ঘাটে অলস বেঁধে রেখেছেন ব্যবসায়ীরা। পর্যটনবাহী জালিবোট চালক মো. আলামিন বলেন, কুয়াশায় বিভিন্ন জায়গা থেকে গাড়ি (বাস) আসতে পারছে না, ফলে পর্যটকও নেই। এ ছাড়া নদীতে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না।
মূলত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আকাশ মেঘলার পাশাপাশি কুয়াশা ও বাতাসে শীতের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়েছে।
রবিবার দুপুরের পর থেকে নদীর পাড়ের শীতার্ত পরিবারে কম্বল বিতরণ করার কথা জানিয়েছেন তিনি।




