নিজস্ব প্রতিবেদক

কী দারুণ এক দিন বাংলাদেশের জন্য! বিদেশের মাটিতে দীর্ঘদিন পর চমৎকার এক দিন কাটাল টাইগাররা। বোলিংয়ের পর ব্যাটিংয়েও চলল কর্তৃত্ব।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণির পর মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্তর ফিফটি, নতুন বছরের শুরুতে যেন পুরোনো-জীর্ণ পারফরম্যান্স ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জাগাল টাইগাররা।

বাংলাদেশ দিন পার করেছে প্রথম ইনিংসে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে। নিউজিল্যান্ডের চেয়ে ১৫৩ রান পিছিয়ে আছে সফরকারী দল। বাংলাদেশের উইকেট দু’টি নিয়েছেন পেসার নিল ওয়াগনার।

সাবধানী শুরুর পর ওপেনার সাদমান ইসলাম (২২) ফিরলেও ক্যারিয়ারের মাত্র তৃতীয় ইনিংসে এসে ফিফটি করে নিজের প্রতিভার প্রমাণ দিলেন আরেক ওপেনার জয়। ২১ বছর বয়সী ব্যাটারের ধৈর্যশীল ইনিংস ভুগিয়েছে কিউই বোলারদের।
অধিনায়ক মুমিনুল হককে (৮) নিয়ে দিন শেষ করার আগে ২১১ বলে ৭ চারে ৭০ রান করেছেন জয়।  ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার আশা নিয়ে তৃতীয় দিন শুরু করবেন তিনি।

সেই আশা অবশ্য বিসর্জন দিতে হয়েছে শান্তকে। ফেরার আগে অনবদ্য ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন তিনি। জয়ের সঙ্গে ২৩৯ বলে ১০৪ রানের জুটি গড়ার পথে স্পিনার রাচিন রবীন্দ্র্কে ছক্কা মেরে টেস্টে দ্বিতীয় ফিফটির ঘরে পা রাখেন শান্ত।