থার্ডআই ডেস্ক
ইনস্টাগ্রামে পোস্ট করে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। ফিলিস্তিনপন্থীদের ব্যাপক সমর্থন পেলেও তার এই কাজের কড়া সমালোচনা করেছে ইসরায়েলি কর্মকর্তারা।
আল জাজিরা জানায়, ‘হ্যারি পটার’-খ্যাত অভিনেত্রী সোমবার ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠিত একটি র্যালির ছবি শেয়ার করেন। যেখানে একটি প্ল্যাকার্ডে লেখা আছে ‘সলিডারিটি ইজ আ ভার্ব’।
ছবিটি এর আগে গত বছরের মে মাসে পোস্ট করে ব্যাড অ্যাকটিভিজম কালেকটিভ। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অ্যাকটিভিস্ট সারা আহমেদের একটি কবিতা।
ওই সময় অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ১১ দিনের হামলার প্রতিবাদে অংশ নেন অনেক তারকা। যাদের মধ্যে আছেন বেলা হাদিদ ও সুসান সারাডন। আবার অনেকে পোস্ট দিয়ে পরে সরিয়েও নেন।
মঙ্গলবার পর্যন্ত এমার পোস্ট করা ছবিতে ১০ লাখের বেশি লাইক পড়েছে, মন্তব্য করা হয়েছে ৮৯ হাজারের বেশি। সমর্থনের জন্য অভিনেত্রীকে ধন্যবাদ জানান ফিলিস্তিনপন্থী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অন্য দিকে সমালোচনাও কম আসেনি। টুইটারে সরাসরি প্রতিক্রিয়া জানান জাতিসংঘে ইসরায়েলের দূত গিলাদ এরডান। তিনি অভিনেত্রীর পোস্টের সমালোচনা করে বলেন, হ্যারি পটারে কল্পকাহিনী কাজ করতে পারে তবে এটি বাস্তবে কাজ করে না।




