নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশনে গঠনে প্রস্তাবিত ৩২২ জন থেকে আপাতত ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে সার্চ কমিটি। শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নাম চূড়ান্ত করতে সার্চ কমিটির প্রথম বৈঠকে এই সংক্ষিপ্ত তালিকা করা হয়।

বৈঠক শেষে দুপুর ১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, ‘প্রস্তাবিত ৩২২ জন থেকে ২০ জনের একটি তালিকা করেছি। রবিবার সাড়ে ৪টায় আরেকটি মিটিং হবে।

আরও দু-একটি মিটিংয়ের পর ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। ’তবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত ১০ জনের নাম সার্চ কমিটি প্রকাশ করবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

এর আগে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে শনিবার বেলা সোয়া ১১টার দিকে বৈঠক শুরু হয়। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

সাচিবিক দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।
দশ জনের নামের তালিকা করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য এ কমিটির হাতে সময় আছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। রাষ্ট্রপতি সার্চ কমিটি করে দেওয়ার পর সদস্যরা এর আগে নিজেদের মধ্যে চার দফা বৈঠক করেছেন, আর বিশিষ্টজনদের নিয়ে বসেছেন তিন দফা।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় ৩২২ নামের প্রস্তাবও পেয়েছে এ কমিটি, যা নিয়ে গত বুধবার সর্বশেষ বৈঠক হয়। আইন অনুযায়ী সিইসি পদের জন্য দুজন এবং নির্বাচন কমিশনারের চারটি পদের জন্য আটজনসহ মোট ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্যে থেকে পাঁচজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।