থার্ডআই ডেস্ক

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু বিরতির পর ঘুরে দাঁড়াল লিডস ইউনাইটেড। ম্যাচে সমতা ফিরিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল প্রতিপক্ষকে। সেই চ্যালেঞ্জে অবশ্য জয় হলো ইউনাইটেডেরই।

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার প্রতিপক্ষের মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুবাদে টেবিলের সেরা চারে নিজেদের অবস্থান শক্ত করেছে দলটি।

প্রথমার্ধে হ্যারি ম্যাগুইয়ার ও ব্রুনো ফের্নান্দেস গোল করেন ইউনাইটেডের পক্ষে। বিরতির পর এক মিনিটের ব্যবধানে লিডসের পক্ষে গোল করেন রদ্রিগো ও রাফিনিয়া। ফলে ম্যাচে ফেরে উত্তেজনা।
৭০ মিনিটে ফ্রেদ ফের এগিয়ে দেন ইউনাইটেডকে। ৮৮ মিনিটে অ্যান্থনি এলেঙ্গার গোল করলে জয় নিশ্চিত জয় হয় সফরকারীদের।

২৬ ম্যাচে ১৩ জয় ও ৭ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।
তাদের সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। ইউনাইটেডের সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে লিডস ইউনাইটেড।