নিজস্ব প্রতিবেদক

নবনিযুক্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন একা কিন্তু নির্বাচন করে না। প্রশাসনকে কতটা নিরপেক্ষ করা যায় সেটা একটা চ্যালেঞ্জ।
শনিবার রাত পৌনে ৮টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, সরকারের অনেকের কথা শুনেছি।

তারা অনেক আন্তরিক। সবাই একটা ভালো নির্বাচন চায়।
তবে তিনি বলেন, নির্বাচন কমিশন একা কিন্তু নির্বাচন করে না। অনেক স্টেকহোল্ডার এখানে কাজ করে। অনেক লেয়ার আছে। … নির্বাচন কমিশন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যায় না।
প্রশাসনকে কতটা নিরপেক্ষ করা যায়, সেটা একটা বড় চ্যালেঞ্জ জানিয়ে হাবিবুল আউয়াল আরও বলেন, ভোটাধিকার সংবিধান স্বীকৃত অধিকার। এই পবিত্র আমানতের যাতে খেয়ানত না হয়।
তিনি বলেন, ‘বিএনপি বলেছে তারা নির্বাচনে অংশ নেবে না।

চেষ্টা থাকবে বিএনপির মতো দলকেও নির্বাচনে নিয়ে আসা। নির্বাচনকে যদি অর্থবহ, গ্রহণযোগ্য ও সর্বজনীন করতে হয়, তাহলে অংশগ্রহণটা অন্তত আপেক্ষিকভাবে হলেও সর্বজনীন হতে হবে। ’

সিইসি বলেন, ‘সবাই আসবে যে তা নয়। কিন্তু বড় বড় দলগুলো তারা যদি নির্বাচনে না আসে…আমাদের চেষ্টা থাকবে তাদেরকে আস্থায় নেওয়া যে, নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করবে। ’
এর আগে বিকেলে কাজী হাবিবুল আউয়ালকে সিইসি করে নতুন নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বাকি চার কমিশনার হলেন- সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান, সাবেক সিনিয়র সচিব আলমগীর হোসেন খান, ব্রি. জেনারেল (অব.) আহসান হাবীব খান ও সাবেক জেলা জজ রাশিদা সুলতানা।