থার্ডআই ডেস্ক

রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন সম্মত হলেও তারা কোনো পূর্বশর্ত মানতে রাজি নয়। বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর এক বার্তায় এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর দ্য গার্ডিয়ান। বিবিসির খবরে বলা হয়, লুকাশেঙ্কো এবং জেলেনস্কি রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের বৈঠকে সম্মত হয়েছেন। তবে ওই বৈঠক হবে ইউক্রেন ও বেলারুশ সীমান্তে প্রিপায়াত নদীর তীরে। তবে কখন এ বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

জেলেনস্কির বিবৃতিতে আরো বলা হয়, পুরো বৈঠকের দায়িত্ব নিচ্ছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি ইউক্রেনের প্রতিনিধিদের আসা, সমঝোতায় পৌঁছানো, তাদের ফিরে যাওয়ার দায়িত্ব নেবেন। এ ছাড়া বৈঠক চলাকালে বেলারুশের সীমানায় অবস্থিত সব বিমান, হেলিকপ্টার ও মিসাইল নিষ্ক্রিয় থাকবে।
এর আগে রবিবার ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশের শহর হোমেলে পৌঁছায়। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা আছেন। পেসকভ বলেন, ‘রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের জন্য অপেক্ষা করছি’।

তবে বেলারুশে যেতে রাজি হয়নি ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তারা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চান, কিন্তু তা বেলারুশে গিয়ে নয়। তিনি রবিবার বলেন, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা বন্ধ করে তবে মিনস্কে আলোচনা সম্ভব হতে পারে। এ ছাড়া এ সংকটের সমাধানে অন্যান্য স্থানে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।