থার্ডআই ডেস্ক
রাশিয়ার সাইবার হামলায় ইউক্রেনের ইন্টারনেট বিপর্যস্ত হলেও, সেখানে কার্যকর রয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস স্টারলিংক। টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন এই বিলিয়নিয়ার। স্পেস এক্সের আরও কয়েকটি টার্মিনাল ইউক্রেনে পাঠানো হচ্ছে। ইন্টারনেট ব্যবস্থা পুনরায় চালু করতে, ইলন মাস্কের কাছে সাহায্য চেয়েছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।
এক টুইটার বার্তায় ইউক্রেনের ভাইস প্রেসিডেন্ট মিখাইলো ফেদেরভ লেখেন, ইলন মাস্ক যখন মঙ্গলে বসতি গড়ার চেষ্টায়, রাশিয়া তখন ইউক্রেন দখল করছে। মহাকাশে যখন সফলভাবে অবতরণ করছে ইলন মাস্কের রকেট, তখন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর রকেট হামলা চালাচ্ছে। তার জবাবেই এই পদক্ষেপ নিলেন ইলন মাস্ক।
রাশিয়ার হামলার পর থেকেই ইউক্রেনে ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে, বিশেষ করে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে, যেখানে সবচেয়ে বেশি লড়াই চলছে।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস অত্যন্ত ব্যয়বহুল হলেও, মহাকাশে কিংবা প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফাইবার অপটিক কেবল এবং মোবাইল টাওয়ারের মাধ্যমে পৌঁছানো সম্ভব না, সেসব স্থানে এটি অত্যন্ত কার্যকর। গত জানুয়ারিতে ইলন মাস্ক জানান, স্টারলিংকের ১৪৬৯ টি স্যাটেলাইট কার্যকর রয়েছে, এবং আরো ২৭২ টি শিগগিরই কক্ষপথে পৌঁছাবে।




