থার্ডআই ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফিফার ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকতে পারে। সোমবার রয়টার্সের খবরে এমনটাই বলা হয়েছে।
ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোয় রাশিয়া থেকে আগেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সরিয়ে নেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা।

রবিবার রাতে ফিফা জানায়, বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে নিজেদের পতাকা, জাতীয় সংগীত ব্যবহার করতে পারবে না রাশিয়া। ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে খেলার ছাড়পত্র দেওয়া হয় তাদের। তবে সোমবারের খবর, রাশিয়া ইস্যুতে উয়েফার সঙ্গে আলোচনা করছে ফিফা। সেই আলোচনার পর বড় সিদ্ধান্ত আসতে পারে।

রাশিয়ান ফুটবল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায় উয়েফার নির্বাহী কমিটির মিটিং হওয়ার কথা।
২৪ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে পোল্যান্ডকে আতিথ্য দেওয়ার কথা ছিল রাশিয়ার। তবে রাশিয়াতে আপাতত স্বীকৃত কোনো ম্যাচই হতে পারবে না। ফিফার আগের নির্দেশনা অনুযায়ী ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে পোল্যান্ডের বিপক্ষে খেলতে পারত রাশিয়া। কিন্তু পোল্যান্ডের আপত্তি ছিল তাতেও।

তারা রাশিয়ার সঙ্গে খেলবে না কোনো ভাবেই।
ফিফার নতুন যে নিষেধাজ্ঞা আসছে তা রাশিয়ার সব জাতীয় দলের ওপরই কার্যকর হবে। দেশটির মেয়েদের দলের উয়েফা ইউরো প্রতিযোগিতায় খেলার কথা ছিল। জুলাইয়ে যা হবে ইংল্যান্ডে।