নিজস্ব প্রতিবেদক
রাজধানী কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রোববার রাত পৌনে ৯টার আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা শাহ জাহান শিকদার এসব তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে তখনো ডাম্পিংয়ের কাজ চলছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বস্তিতে একশর বেশি ঘর ছিল, তার প্রায় সবই আগুনে পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।




