বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপে বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশকে নিয়ে পথ চলতে চেয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এর খসড়া হস্তান্তর করেছে  যুক্তরাষ্ট্র।
এদিকে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহসা প্রত্যাহার হচ্ছে  না বলেও ইঙ্গিত দিয়েছে দেশটি।

যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও এ  বিষয়ে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে নন-পেপার (কূটনৈতিক পত্র) হস্তান্তর করে বাংলাদেশ।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।  বেলা ১১টায় শুরু হয়ে প্রায় ১টা পর্যন্ত চলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংলাপ। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড।
সংলাপে অংশ নেয়ার আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  পরিস্থিতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশকে নিয়ে পথ চলতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনে  রাশিয়ার আক্রমণের ফলে বৈশ্বিকভাবে গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন এখন হুমকির মুখে।