নিজস্ব প্রতিবেদক
আইপিএলের এবারের আসরে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেউ দল পায়নি। তবে নিলাম শেষ হয়ে গেলেও নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্ট দলে চেয়েছিল তাসকিন আহমদেকে।
কিন্তু আইপিএলে যাওয়া হচ্ছে না বাংলাদেশি পেসারের। জাতীয় দলের ম্যাচ ফেলে এই পেসারকে আইপিএলে যেতে দিতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের চাওয়া মেনে নিয়ে লক্ষ্ণৌকেও ‘না’ বলেন দিলেন তাসকিন।
মূলত চোটের কারণে ছিটকে যাওয়া ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে তাসকিনকে চেয়েছিল লক্ষ্ণৌ। তবে জাতীয় দলের সূচি থাকায় ২৬ বছর বয়সী পেসারকে ছুটি দিতে রাজি নয় বিসিবি।
সোমবার দুপুরে সংবাদ মাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন তাসকিনকে ছুটি দেওয়া হবে না। বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে। কিন্তু এই সফরে তাকে ছুটি দেওয়ার কোনো পরিকল্পনা বোর্ডের নেই। এই ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে তাসকিনকে। ’
গত রবিবার সন্ধ্যায় ঢাকায় ফোন করেন লক্ষ্ণৌর মেন্টর গৌতম গম্ভীর। আইপিএলের পুরো মৌসুমের জন্য তাসকিনকে চান তিনি।
ভারতের সাবেক এই ব্যাটারের দেওয়া প্রস্তাবে রাজি হলে প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হতো তাসকিনকে।




