নিজস্ব প্রতিবেদক
ভ্যাট প্রত্যাহারের কারণে সয়াবিন তেলের দাম কমানোর পর এবার পাম অয়েলের দামও কমানো হলো। সয়াবিন তেল লিটারে ৮ টাকা কমানো হয়েছিল। এবার পাম অয়েলের দর কমানো হলো লিটারে ৩ টাকা।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে পাম অয়েলের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সচিব নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী এত দিন পাম অয়েলের লিটার প্রতি খুচরা মূল্য ছিল ১৩৩ টাকা, সেটা ২২ মার্চ থেকে ১৩০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত রবিবার মিল মালিকদের সঙ্গে বৈঠকে বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য প্রতি লিটার ১৬৮ টাকা থেকে কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। পাঁচ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৭৬০ টাকা, যা এত দিন ৭৯৫ টাকা ছিল।
আর খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার ১৩৬ টাকা, যা এত দিন ১৪৩ টাকা নির্ধারিত ছিল।




