নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা ভারতের সহযোগিতা চেয়েছি। তারা যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি উত্থাপন করবে। ’

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হবে বলেও জানান ড. মোমেন।

তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও থাইল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় যোগাযোগের বিষয়ে আলোচনা হবে। আমরা আরও বেশি বাণিজ্য বাড়াতে চাই। ’

ড. জয়শঙ্কর হয়তো একটা সুখবর নিয়ে আসবেন এমন আশাবাদ জানিয়ে আশাবাদী মোমেন বলেন, ‘তবে সেই সুখবরটি কি সেটি আমি জানি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর আগেও ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, এবার হয়তো সফরের দিনক্ষণসহ আমন্ত্রণ জানানো হবে। ’
ড. এস জয়শঙ্কর দুই দিনের সফরে আগামী বৃহস্পতিবার ঢাকা আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতেই তিনি ঢাকা আসছেন বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। প্রথম দিনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত সফরের আমন্ত্রণপত্র তুলে দেবেন।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুনের মাঝামাঝি দেশটিতে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ঢাকা সফরে কাউন্টার পার্ট হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গ, ২০১৯ সালের অক্টোবরে চার দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজিত বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ নেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।